সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন (৩৩) দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শামীম ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা শামীমের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন : মৌলভীবাজারে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি বিরাজ করছে উত্তেজনা। তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, ‘এটি যে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তাতে কোনো সন্দেহ নেই। আমরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষ হলে খুনের পেছনের প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা ডেস্ক 









