চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুর অংশ ভেঙে পড়ে অন্তত ১০ জন নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবারের (২২ আগস্ট)।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেতুটির বিশাল গোলাকার অংশ হঠাৎ ভেঙে পড়ে ইয়েলো নদীতে তলিয়ে যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সেতুটির মাঝের অংশ ধসে গেছে, পাশে দাঁড়িয়ে রয়েছে দুটি বিশাল মাচা টাওয়ার ও কয়েকটি ক্রেন।
আরও পড়ুন : পানি দিয়েই যেভাবে জ্বালবে বাতি
শিনহুয়ার খবরে বলা হয়, একটি ইস্পাত তার ছিঁড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
পিপলস ডেইলি জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি সিচুয়ান-কিংহাই রেলপথে নির্মীয়মাণ বিশ্বের বৃহত্তম স্প্যানের ডাবল-ট্র্যাক কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন ইস্পাতের বাঁকানো সেতু। এটি ইয়েলো নদীর ওপর চীনের প্রথম ইস্পাতের বাঁকানো রেলওয়ে সেতু হিসেবেও পরিচিত।
শত শত উদ্ধারকর্মী ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে এখনো নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।
ঢাকা ডেস্ক 









