ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একদিনের ব্যবধানে ঘটে গেল দুই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা চালতিপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তারা সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জনের মৃত্যু
স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চারজন। বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সার্ভিস লেনে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার গাড়িটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর কাইয়ুমের মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি বলেন, বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। তখনই অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এর আগে বৃহস্পতিবার সকালে শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির আরেকটি প্রাইভেটকার উল্টে প্রাণ হারান তিনজন। ফলে একদিনে দুটি দুর্ঘটনায় মোট ছয়জনের প্রাণ ঝরল এই এক্সপ্রেসওয়েতে।
স্থানীয়রা বলছেন, বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। তার ওপর অতিরিক্ত গতি ও অবিবেচক গাড়ি চালনা দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঢাকা ডেস্ক 









