আজকের আবহাওয়ায় উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাগর এখন উত্তাল। এর ফলে উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে যত দ্রুত সম্ভব উপকূলের কাছাকাছি চলে আসতে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
অভ্যন্তরীণ নদীপথেও ঝুঁকি দেখা দিয়েছে। আজ শুক্রবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : আজকের আবহাওয়া
রাজধানী ঢাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে। দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা ডেস্ক 









