জাপানের ওকিনাওয়ার উপকূলে নোঙর করা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস নিউ অরলিন্স-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা টানা ১২ ঘণ্টা জ্বলতে থাকে। এ ঘটনায় দুই নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে জাহাজে আগুন লাগে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জাপান কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার পরেও আগুন নেভানোর কাজ চলছিল। আগুনের সূত্রপাতের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।
৩৬০ জন নাবিক ও ৮০০ সেনা বহনের সক্ষমতা সম্পন্ন এই উভচর পরিবহন জাহাজটির দৈর্ঘ্য ৬৮৪ ফুট এবং ওজন ২৪ হাজার টন। অগ্নিকাণ্ডের সময় এটি ওকিনাওয়ার পূর্ব উপকূলের হোয়াইট বিচ নৌঘাঁটির অদূরে নোঙর করা ছিল।
আরও পড়ুন : মেক্সিকোতে রাস্তা থেকে ৬ জনের কাটা মাথা উদ্ধার
আগুন নেভাতে ইউএসএস সান ডিয়েগো, জাপান কোস্টগার্ড, জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স এবং ওকিনাওয়ায় অবস্থানরত অন্যান্য মার্কিন নৌবাহিনীর ইউনিট সহায়তা করে। জাপানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, টাগবোটগুলো জাহাজের সামনের অংশে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
দুই নাবিক সামান্য আহত হন এবং জাহাজের ভেতরেই চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিশ্লেষক ও সাবেক মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন কার্ল শুস্টার বলেন, যুদ্ধজাহাজে দাহ্য পদার্থের আধিক্যের কারণে অগ্নিকাণ্ড সবসময় বড় ঝুঁকি। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ক্ষয়ক্ষতির কারণে নিউ অরলিন্স জাহাজটি ৬০ থেকে ১২০ দিন পর্যন্ত অচল থাকতে পারে।
এর আগে ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ইউএসএস বোনহোম রিচার্ড নামের উভচর জাহাজে আগুন লেগে চার দিন ধরে জ্বলতে থাকে। ওই ঘটনায় জাহাজটি সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয় মার্কিন নৌবাহিনী।
ঢাকা ডেস্ক 









