ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘনঘন সংঘর্ষ এখন ঢাকাই সংস্কৃতির এক অস্বস্তিকর অংশ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্ব ডা. পিনাকী ভট্টাচার্য। এ ধরনের সহিংসতা দ্রুত বন্ধ না হলে তা শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে বলেও তিনি সতর্ক করেছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে পিনাকী লিখেছেন, ‘ঢাকা কলেজ আর সিটি কলেজ শিক্ষার্থীদের পারস্পরিক মাইরপিট একটা ঢাকাই ঐতিহ্যের রূপ নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়কেই দায়িত্ব নিতে হবে। খুঁজে দেখতে হবে এই দ্বন্দ্বের সামাজিক-অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক উৎসগুলো কী কী?’
আরও পড়ুন : ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ
তিনি মনে করেন, এই সমস্যার গভীরে যেতে হলে গবেষণা প্রয়োজন। এজন্য তিনি ফোকাস গ্রুপ ডিসকাশন ও কি-ইনফর্ম্যান্ট ইন্টারভিউ করার প্রস্তাব দেন। প্রতিটি কলেজ থেকে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ আলোচনায় দ্বন্দ্বের অভিজ্ঞতা, কারণ, প্রত্যাশা ও সমাধানের প্রস্তাব বের করা যেতে পারে। পাশাপাশি শিক্ষক, প্রশাসক, স্থানীয় ব্যবসায়ী, প্রাক্তন ছাত্র ও সাংবাদিকদের দৃষ্টিভঙ্গিও জানতে হবে।
এছাড়া মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ওপর জোর দেন তিনি। যেমন—কলেজ ছুটির পর শিক্ষার্থীদের আড্ডা, চায়ের দোকান বা বাসস্ট্যান্ডে পারস্পরিক যোগাযোগ লক্ষ্য করা, পুলিশের সহায়তায় সংঘর্ষপ্রবণ এলাকা চিহ্নিত করা এবং শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা লিখে বা বলে শোনানোর সুযোগ দেওয়া।
পিনাকী ভট্টাচার্যের মতে, ‘বাংলাদেশের অধিকাংশ সমস্যাই সমাধানযোগ্য। এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মানসিকতা কয়েক বছরের মধ্যে বদলে দেওয়া সম্ভব—যদি সঠিক পদ্ধতি প্রয়োগ করা যায়। প্রশ্ন হচ্ছে, কাজটা করবে কে?’
ঢাকা ডেস্ক 









