দেশজুড়ে আবারও ভয় ধরাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাস করতেন, আর বাকি দুইজন রাজশাহী বিভাগের।
একই সময়ে নতুন করে ৩১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ২৭ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১১০ জন।
বিভাগভিত্তিক আক্রান্তের হিসাব
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে—৮২ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে ৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ৫১ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৩৭ জন, খুলনায় ১৫ জন, রাজশাহীতে ২১ জন এবং ময়মনসিংহে ২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। এ নিয়ে চলতি বছরে মোট ২৬ হাজার ৩৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন : ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
পরিসংখ্যান কী বলছে
চলতি বছর শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ, আর ৪০ দশমিক ৮ শতাংশ নারী। মৃত্যুর ক্ষেত্রেও পুরুষের হার বেশি—৫৮ দশমিক ২ শতাংশ।
বছরের শুরু থেকে মাসভিত্তিক ডেঙ্গু পরিস্থিতি কিছুটা ওঠানামা করেছে। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন ভর্তি হয়েছিলেন, মারা যান ১০ জন। ফেব্রুয়ারিতে মৃত্যু ঘটে ৩ জনের, মার্চে কোনো মৃত্যু হয়নি। এপ্রিল থেকে আবার পরিস্থিতি জটিল হতে থাকে। জুন ও জুলাইয়ে একাই মারা গেছেন ৬০ জন।
ঢাকা ডেস্ক 









