সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন উপ-পরিদর্শক (এসআই) শেখ আফজালুল হক। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ আবেদন করা হয়।
এদিন মামলাটির বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
আজ সকালে গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার মোট আসামি ১৬ জন, যার মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক। তবে পলাতক আসামিদের পক্ষেও ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
আরও পড়ুন : আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি আজ
এর আগে ১৩ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদেশের জন্য ২১ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন গত ২ জুলাই এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট আশুলিয়ায় একজনকে হত্যা করা হয়। পরদিন ৫ আগস্ট আরও পাঁচজনকে হত্যা করে মরদেহ জীবিত একজনসহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
ঢাকা ডেস্ক 









