জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার হয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
আরও পড়ুন : চাঁদা দাবি করা সেই এনসিপি নেতা সাময়িক বহিষ্কার
এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিয়েছেন।
জানা গেছে, এনসিপি থেকে বাধা দেওয়া সত্ত্বেও তিনি স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদের নেতৃত্বাধীন প্যানেলে যোগ দেন এবং সেখানে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির নেতারা। তাদের দাবি, দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের কারণে মাহিন সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় ছিল না।
ঢাকা ডেস্ক 









