পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট দুই নেতাকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই নেতা থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, শনিবার (১৬ আগস্ট) উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। ওই চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। খামের প্রেরকের নাম লেখা ছিল ‘মো. কবির মিয়া’ এবং ঠিকানা দেওয়া হয় নেছারাবাদের কামারকাঠী গ্রাম।
এর আগে, গত বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামও একই ধরনের হুমকিমূলক চিঠি পান। ওই চিঠিতেও তাকে রাজনীতি ছাড়তে বলা হয়। খামের প্রেরক হিসেবে উল্লেখ করা হয় স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদারের নাম।
আরও পড়ুন : জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, “আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে হুমকি ও চাঁদাবাজির শিকার হয়েছেন। আমরা চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।”
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়ভাবে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ঢাকা ডেস্ক 









