রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জাহিদ হাসান জয় ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ অসুস্থ হয়ে পড়েন। পরে সহপাঠীরা তাদের প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন এবং চিকিৎসক এনে স্যালাইন দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, কেউ অসুস্থ হলেও ক্যাম্পাসের বাইরে চিকিৎসা নেবেন না।
আরও পড়ুন : জামালপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ঘটনার খবর পেয়ে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে আসেন। ভিসি নিজেও শিক্ষার্থীদের সঙ্গে না খেয়ে অবস্থান নেন এবং অনশন ভাঙার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা অনশন থেকে সরে দাঁড়াবেন না।
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন ও সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। ১৭ দিন আগে কমিটি গঠিত হলেও এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি।”
এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, “আমি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একমত। ইতোমধ্যে আইন সংশোধনের জন্য সাত সদস্যের কমিটি করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি হবে এবং রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে। আশা করছি খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আগের প্রশাসনের সময় নেওয়া অর্থের জবাবদিহি তারা দেবেন। তার সময়ে যে টাকা নেওয়া হয়েছে, তা আলাদা অ্যাকাউন্টে সংরক্ষিত আছে।
এর আগে উপাচার্য সাংবাদিকদের জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা বলে আগামী নভেম্বরে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আশ্বাস পাওয়া গেছে।
এদিকে অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর ফলে বেরোবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা ডেস্ক 









