এশিয়া কাপে এখনো শিরোপার দেখা মেলেনি বাংলাদেশের। তিনবার ফাইনাল খেললেও প্রতিবারই হতাশ হয়ে ফিরতে হয়েছে লাল-সবুজের দলকে। তবে এবার সেই খরা কাটিয়ে ট্রফি হাতে নিতে মরিয়া টাইগাররা। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে ১৩তম এশিয়া কাপ, টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ।
টুর্নামেন্টের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নামবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। সোমবার (১৮ আগস্ট) অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক জানালেন দলের স্পষ্ট লক্ষ্য—শিরোপা জয়।
জাকের বলেন, “আমরা এবারের এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমি সহ দলের সবাই এটাই বিশ্বাস করি। আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।”
আরও পড়ুন : বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তানের এশিয়া কাপ দল ঘোষণা
বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি বাড়াতে সম্প্রতি বিশেষজ্ঞ কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংল্যান্ডের জুলিয়ান উডকে। পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাত এই কোচ ইতোমধ্যে খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করেছেন। তাকে নিয়ে জাকের বলেন, “জুলিয়ান আমাদের স্কিল নিয়ে কাজ করছে। কে কোন জায়গায় কতটা উন্নতি করতে পারে, সেটাই মূল ফোকাস।”
শুধু ব্যাটিং নয়, ফিটনেস উন্নত করতেও কাজ চলছে জোরেশোরে। নতুন ফিটনেস কোচ নাথান কেলির প্রসঙ্গে জাকের যোগ করেন, “কেলি আসার পর আমাদের একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে। প্রতিদিন আমরা কতটা চেষ্টা করছি সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ।”
টি-টোয়েন্টি ব্যাটিংয়ে নিজের ভূমিকা নিয়ে জাকের বলেন, “আমি সাধারণত আলাদা কোনো গোল সেট করি না। আমার রোল একেক দিন একেক রকম হয়। যখন যেখানে ব্যাট করি, দলের জন্য সেটাই সেরা দেওয়ার চেষ্টা করি।”
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ জয় ইতোমধ্যেই আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশকে। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপে ইতিহাস গড়ার অপেক্ষায় টাইগাররা। সমর্থকদের চোখও এখন লিটন দাসের নেতৃত্বে স্বপ্ন পূরণের দিকেই।
ঢাকা ডেস্ক 









