পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ের দাবিতে তার বাড়িতে গিয়ে অনশনে বসেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ।
অনশনরত বৃদ্ধের নাম আবুল কাসেম মুন্সি। তার বাড়ি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামে। আবুল কাসেমের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী তার সাথে প্রতারণা করছেন।
আবুল কাসেম মুন্সি বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পর বিয়ের জন্য পাত্রী দেখছিলাম আমি। এরমধ্যে দুই মাস আগে ওই নারীর সাথে পরিচয় হয়। আমি বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজিও হন। তারপর থেকে আমাদের আলাপ ও দেখা হতো। এরপর তিনি আমার কাছ থেকে কয়েক দফায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। পরে আমি অনেক খোঁজখবর করে তার বাড়িতে এসেছি। এখন আবার বিয়েও করতে চাচ্ছেন না।
আরও পড়ুন : ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণের মৃত্যু
তিনি বলেন, সে হয়তো আমাকে বিয়ে করবে, নয়তো আমার টাকা ফিরিয়ে দেবে। আর আমার সাথে প্রতারণা করা হলে আমি তার বিচার চাই।
এদিকে, আবুল কাসেম অনশনে বসার পর বাড়ি থেকে পালিয়েছেন ওই নারী। বক্তব্য নেওয়ার জন্য তাকে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে এলাকাবাসী জানান, ওই নারীর এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। তার শাস্তি হওয়া প্রয়োজন।
ঢাকা ডেস্ক 









