আট বছর আগে সমুদ্রে ফেলা হয়েছিল একটি বোতলবন্দি গোপন বার্তা । দীর্ঘ বছর পর সেই বার্তা নিয়ে বোতল ভিড়েছে কূলে। এ সময়ে পাড়ি দিয়েছে সাড়ে চার হাজার মাইল পথ। এরপর খোঁজ মিলেছে প্রকৃত মালিকেরও।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগানের ১১ বছর বয়সী এক কিশোরী ফ্লোরিডায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের তীরে একটি বোতলের মধ্যে গোপন বার্তা খুঁজে পেয়েছে। এ বার্তাসহ বোতলটি ৮ বছর আগে হাওয়াই থেকে সমুদ্রে ছোঁড়া হয়েছিল।
মিশিগানের হকওয়েলের বাসিন্দা জোসি ল ফ্লোরিডার আনা মারিয়া দ্বীপে সমুদ্রের ঢেউয়ের মধ্যে বোতলটি দেখতে পান। তিনি বলেন, আমি হাঁটছিলাম, আর ঢেউগুলো উপরে উঠছিল। ঢেউয়ের সঙ্গে সঙ্গে বোতলটি তীরে ভেসে এসেছিল।
জোসি বলেন, ঢেউগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পেছনে সরে গেল, তখন আমি দ্রুত বোতলটি তুলে নিয়ে আমার মাকে দেখাই। বোতলের ভেতরে একটি ছোট নোট ছিল। এতে লেখা ছিল, ‘যারা এটি পেয়েছেন, তাদের প্রতি শুভেচ্ছা। এটি পেয়ে আপনারা খুশি হবেন। কেন? কারণ এই নম্বরের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’
জোসির মা প্যারিস হোইসিংটন নোটে দেওয়া ফোন নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠান। কিছুক্ষণ পর তিনি হাওয়াইয়ের একজন ২১ বছর বয়সী তরুণীর কাছ থেকে উত্তর আসে। তিনি জানান, তিনি এবং তার ভাই আট বছর আগে ওআহু উপকূল থেকে বোতলটি সমুদ্রে ছুড়েছিলেন।
আরও পড়ুন : ট্রাম্পের দেওয়া সম্মাননা নেবেন না টম ক্রুজ
হোইসিংটন বলেন, আমি বললাম, আপনি মজা করছেন। জবাবে নোটের লেখক নিজের পরিচয় গোপন করে জানান, তিনি যখন ১৩ বছর বয়সী ছিলেন তখন তার এবং তার ভাইয়ের এই আইডিয়া এসেছিল।
তিনি বলেন, যখন আমার বয়স ছিল ১৩ এবং আমার ভাইয়ের ৮ বছর ছিল তখন আমরা এটি করেছিলাম। এটি একটি মজার কাজ ছিল, কারণ আমরা এর আগে একটি বোতলের বার্তা পেয়েছিলাম, তাই ২০১৮ সালে আমরা নিজেদের একটি তৈরি করার সিদ্ধান্ত নিই।
তিনি আরও বলেন, আমাদের বোতলটি ফ্লোরিডায় পৌঁছে যাওয়া এবং তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করা খুবই মজার ছিল। এটা একদমই ভাবতে পারিনি।
ঢাকা ডেস্ক 















