কক্সবাজার সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনা হলে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসকদের বরাত দিয়ে তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন—ফারুকী আপাতত আশঙ্কামুক্ত।
শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিশা লিখেন,
‘কক্সবাজারে সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে দ্রুত ঢাকায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়েছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন
জানা গেছে, শুক্রবার বিকেলে চারদিনের সফরে কক্সবাজার যান ফারুকী। সেখানে সংস্কৃতি হাব ও ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ সংক্রান্ত বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে নির্ধারিত কর্মসূচি বাতিল করে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, স্থানীয় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকা ডেস্ক 









