কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস করার সময় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সরদারপাড়া এলাকার নিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) এবং মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২০)। দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫–২০ জন তরুণ বন্ধু মিলে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে রেসে অংশ নেয়। তারা লালন শাহ সেতু থেকে দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে আসছিল। এসময় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মাহিন ও সিয়ামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও প্রাণ হারান।
আরও পড়ুন : সেই হাতির লাথিতে আহত দুই বনকর্মী
ভেড়ামারা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, ‘মোটরসাইকেল রেস করতে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। ঘাতক পিকআপ চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
এদিকে নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ‘মোটরসাইকেলটি লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে পিকআপটি সেতুর দিকে আসছিল। মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটে।’
এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত দুই তরুণের পরিবারে ও এলাকায়। বেপরোয়া রেসিংয়ে তরুণদের জীবন ঝুঁকির মুখে পড়ছে—এ ঘটনায় আবারও তা স্পষ্ট হয়ে উঠল।
ঢাকা ডেস্ক 









