প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণেই সাঈদীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, কাশিমপুর কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় সাঈদীকে সেদিন সন্ধ্যায় ঢাকায় আনা হয় এবং পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। অভিযোগে আরও বলা হয়, সংকটময় মুহূর্তেও পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
আরও পড়ুন : দেশের চিকিৎসায়ই ভরসা রেখেছেন জামায়াতের আমির : ডা. তাহের
ডা. শফিকুর রহমান জানান, মৃত্যুর পর ঢাকায় জানাজা পড়ার সুযোগও দেওয়া হয়নি। জানাজার দাবিতে সমবেত জনতার ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে বহু মানুষ আহত হয়। পরে তার লাশ পিরোজপুরে নিয়ে গিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
বিবৃতিতে সাঈদীর দীর্ঘ ধর্মীয় ও সামাজিক অবদানের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশে কুরআনের তাফসির করেছেন, অসংখ্য ধর্মীয় গ্রন্থ রচনা করেছেন এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর।
জামায়াত আমির দোয়া করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন এবং তার সংগ্রাম অব্যাহত রাখার তাওফিক দেন। একইসঙ্গে তিনি নেতাকর্মী ও দেশবাসীকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
ঢাকা ডেস্ক 









