দেশে ধারাবাহিক সহিংসতা ও নারীর প্রতি অমানবিক আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব ফাহাম আব্দুস সালাম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান।
পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামাতা ফাহাম লেখেন, ‘আজকে দেখলাম একটা মেয়েকে জনসম্মুখে উলঙ্গ করে পেটানো হচ্ছে। একটা ছেলেকে এপার্টমেন্টে কোপানো হচ্ছে (সম্ভবত মারাও গেছে)। আরেকটা জায়গায় দেখলাম রাস্তার মধ্যে অনেকে মিলে ২/৩ জনকে পেটাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম একটা মেয়েকে বেবি ট্যাক্সির ভেতরে হেনস্তা করা হচ্ছে।’
তিনি সতর্ক করে বলেন, ‘এই হারে চলতে থাকলে সেই দিন আর দূরে নয়, যেদিন এই দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানকেও প্রত্যাখ্যান করবে। মনটা ভেঙে যায় ভাই। কী আশা ছিল আর কী দেখতে পাচ্ছি। একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ করে পেটানো হবে—এই আমার দেশ?’
আরও পড়ুন : রাজধানীতে আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার
ফাহাম আব্দুস সালাম প্রশ্ন তোলেন, দেশের মানুষ কি এখন এমন এক স্তরে নেমে গেছে যা অতীতের সবচেয়ে অন্ধকার সময়কেও ছাড়িয়ে যাচ্ছে। তিনি লেখেন, ‘আমরা কি আওয়ামী জাহেলিয়ার থেকেও নিচে নামবো?’
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য বিভাগে সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ ও নৈতিক অবক্ষয় ঠেকাতে সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবি তুলেছেন।
এদিকে, নারীকে জনসম্মুখে নগ্ন করে পেটানোর ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
ঢাকা ডেস্ক 









