দেশের বাজারে খোলা পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী, এখন থেকে পাম অয়েল কিনতে হবে লিটারপ্রতি ১৫০ টাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের মূল্য এই মুহূর্তে সমন্বয় করা সম্ভব হয়নি। তবে পাম অয়েলের আন্তর্জাতিক বাজারমূল্য কমে আসায় দেশীয় বাজারে এর দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সরবরাহ ও চাহিদা নিয়মিত পর্যবেক্ষণ করে। সাম্প্রতিক সময়ে পাম অয়েলের আন্তর্জাতিক দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে এ সমন্বয় করা হয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ার পর ভোক্তারা লিটারে ১৯ টাকা সাশ্রয়ে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেলের বোতলজাত মূল্য লিটারপ্রতি ১৮৯ টাকা অপরিবর্তিত থাকবে।
ঢাকা ডেস্ক 









