পুলিশের কাছ থেকে লাঠি কেড়ে এক তরুণকে পেটানোর অভিযোগ উঠেছে নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মারধরের শিকার দুর্জয় উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর।
এ ঘটনায় রায়হান কবীর নামের যুবদলের এক নেতা বাদী হয়ে আমলি আদালতে ইউএনওর বিরুদ্ধে মামলা করেছেন। পরে বিচারক ঘটনার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভিস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ দুপুরে বানিয়াজান ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়। সেখানে চাল নিতে আসা উপকারভোগীরা সিরিয়াল না মানায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় ইউএনও পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে উপকারভোগী দুর্জয় নামের ওই তরুণকে মারধর করেন।
এ ব্যাপারে বাদী রায়হান বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। ইউএনও ওই দিন পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে দুর্জয়কে মারধর করে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে যান। আমরা চেষ্টা করেও তাকে থামাতে পারিনি। একজন নিরীহ নাগরিককে সরকারি আমলা হয়ে তিনি মারধর করতে পারেন না। আমি মামলা করেছি। মারধরের একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে।’
আরও পড়ুন : মেডিকেল ছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট ও সিরিঞ্জ
এ ব্যাপারে ভুক্তভোগী দুর্জয় বলেন, ‘সেইদিন সাড়ে ১২টার সময় ভিজিএফের চাল আনতাম যাই। সেখানে লোকজনের ধাক্কায় পরিষদের সামনে দেওয়া বাঁশের বেড়া খুলে গেলে আমি সামনে পড়ে যাই। এমন সময় ইউএনও স্যার আইয়া আমারে মারধর করে। পরে আমারে আটকাইয়া রেখে একটা কাগজে স্বাক্ষর নিয়ে ছাইড়া দিছে। আমি চাল লুটপাট করার লোক না।’
জানতে চাইলে ইউএনও রুয়েল সাংমার জানান, ‘আমি কাউকে মারধর করিনি। এটা আমাকে নিয়ে বিভিন্ন মহলের চক্রান্ত চলছে।
ময়মনসিংহ বিভাগী কমিশনার মো. মোখতার আহমেদ জানান, ‘গত রবিবার এ নিয়ে একটি ডাক ফাইল কার্যালয়ে এসেছে। বিষয়টি তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।’
ঢাকা ডেস্ক 









