প্রযুক্তি এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে—শিক্ষা, বিনোদন থেকে শুরু করে স্বাস্থ্যপরামর্শেও—গভীরভাবে প্রবেশ করেছে। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ৬০ বছর বয়সী ব্যক্তি চ্যাটজিপিটির দেওয়া ডায়েট প্ল্যান মেনে চলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির বড় কোনো শারীরিক সমস্যা ছিল না। কিন্তু চ্যাটজিপিটির দেওয়া খাদ্যতালিকায় একটি মারাত্মক ভুল ছিল—সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) পরিবর্তে ব্যবহার করতে বলা হয়েছিল সোডিয়াম ব্রমাইড।
আরও পড়ুন : চ্যাটজিপিটিকে যে প্রশ্নগুলো করলেই পড়তে পারেন বিপদে
তিনি অনলাইনে কেনা এই ব্রোমাইড টানা তিন মাস খাদ্যে ব্যবহার করেন। ফলস্বরূপ শরীরে বিষক্রিয়া শুরু হয়। দেখা দেয় মস্তিষ্কের কার্যকারিতা বিঘ্ন, বিভ্রান্তি, হ্যালুসিনেশন, ত্বকে লাল দাগ এবং ব্রোমোডার্মার মতো জটিলতা। অবশেষে তিন সপ্তাহের নিবিড় চিকিৎসা ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
ঘটনাটি বিশেষজ্ঞদের আবারও সতর্ক করেছে—এআই থেকে পাওয়া স্বাস্থ্যপরামর্শ সবসময় সঠিক নাও হতে পারে। বিশেষ করে চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেবল প্রযুক্তির ওপর নির্ভর না করে পেশাদার ডাক্তারের পরামর্শ নেওয়া অপরিহার্য।
বিশেষজ্ঞদের মতে, এআই তথ্য সংগ্রহ ও প্রাথমিক ধারণা দেওয়ার ক্ষেত্রে সহায়ক হলেও এটি কখনোই চিকিৎসকের বিকল্প নয়।
ঢাকা ডেস্ক 









