ইতালির রোমে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ। ডানার ফ্ল্যাপে ত্রুটির কারণে রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোম থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা থাকলেও সেটি উড়তে পারেনি। বর্তমানে উড়োজাহাজটি রোমের লেওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।
বিমানের সূত্র জানায়, উড়োজাহাজটিতে ২৬২ জন যাত্রী ছিলেন। বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা না থাকায় যাত্রীদের রোমেই হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে, যার সব খরচ বহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্ল্যাপ বিমানের ডানার পেছনে থাকা একটি যন্ত্রাংশ, যা উড্ডয়ন ও অবতরণের সময় লিফট ও ড্র্যাগ নিয়ন্ত্রণে সহায়তা করে। এ যন্ত্রাংশে ত্রুটি হলে বিমান নিরাপদে উড়তে বা নামতে পারে না।
আরও পড়ুন : টয়লেটের ফ্লাশ নষ্ট থাকায় ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, “ফ্ল্যাপের ত্রুটির কারণেই রোম থেকে ঢাকার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে এবং মেরামতকাজ চলছে।”
তিনি আরও জানান, প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে রোমে পাঠানো হচ্ছে, যা বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যার মধ্যে পৌঁছাবে। এরপর প্রকৌশলীরা ত্রুটি মেরামত করে একই উড়োজাহাজে যাত্রীদের নিয়ে দেশে ফিরবেন।
ঢাকা ডেস্ক 









