রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির অনুপস্থিতিতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : আজকের আবহাওয়া
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি এবং গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
অন্যদিকে, সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
তাপমাত্রার দিক থেকে আজ সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গরম ও শুষ্ক আবহাওয়ায় রাজধানীবাসীকে দিনের বেলায় পর্যাপ্ত পানি পান ও রোদ থেকে সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ঢাকা ডেস্ক 









