জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছে সম্পূরক খসড়া ভোটার তালিকা। এতে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হলেও মৃত এবং অযোগ্য হিসেবে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। হালনাগাদের পর দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার (১০ আগস্ট) এই তালিকা প্রকাশ করেন। তিনি জানান, খসড়া তালিকার ওপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে। এ দাবিপত্রগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
আরও পড়ুন : জাতীয় সংসদ নির্বাচনের সময় জানালেন সিইসি
সচিব আরও জানান, সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ২ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।
তিনি বলেন, হালনাগাদের সময় মৃত ও অযোগ্য ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে বাদ দেওয়া হয়েছে। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আখতার আহমেদ আরও জানান, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন। নতুন আইনের আওতায় নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হয় না।
বছরভর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। ২ মার্চ, ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর এই তিনটি তালিকা প্রকাশিত হবে।
খসড়া তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন কর্মকর্তারা তা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। এতে কারও তথ্য ভুল থাকলে ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে। সংশোধন এবং দাবি-আপত্তি নিষ্পত্তি ২৪ আগস্টের মধ্যে সম্পন্ন হবে।
ঢাকা ডেস্ক 









