বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
নিজের বাবার চিকিৎসার কথা উল্লেখ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তখন একজন চিকিৎসককে বলেছিলাম আমাদের ভারতে আসতে হয় কেন? আপনাদের চিকিৎসকের মান কি আমাদের চেয়ে বেশি?
উত্তরে তিনি বলছিলেন— কোনোমতেই না, আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই; কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি। সমস্যাটা সিস্টেমে, যার ফলে আপনাদের চিকিৎসকরা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারে না।
দেশের চলমান চিকিৎসাসেবা নিয়ে তিনি বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।
আরও পড়ুন : বাংলাদেশি শ্রমিকদের বিশাল সুখবর দিলো মালয়েশিয়া সরকার
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতাসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল।
ঢাকা ডেস্ক 









