ওমরাহ ও হজযাত্রীদের জন্য সৌদি আরব সরকার এনেছে যুগান্তকারী এক ডিজিটাল সুবিধা। এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে হজ ও ওমরাহ বিষয়ক অফিসিয়াল অ্যাপ ‘নুসুক’ (Nusuk)।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৭ আগস্ট (বৃহস্পতিবার) এই সুবিধা চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। লক্ষ্য একটাই—আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিদের যাত্রাকে আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করা।
কী সুবিধা মিলবে অফলাইনে?
হজ ও ওমরাহবিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি জানিয়েছেন, এখন থেকে ইন্টারনেট ছাড়াই করা যাবে—
- আল রওদাহ আল শরিফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু
- হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং
- নুসুক ম্যাপ ব্যবহারের মাধ্যমে পথনির্দেশনা
- জিজ্ঞাসা বা রিপোর্ট জমা দেওয়া
এবং ‘নুসুক এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়তা গ্রহণ
এই অফলাইন সুবিধা ভ্রমণকে আরও স্মার্ট, নির্বিঘ্ন ও দায়িত্বশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নুসুক অ্যাপ কী?
নুসুক অ্যাপ হলো সৌদি সরকারের একটি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সম্পূর্ণ পরিকল্পনা, বুকিং ও অনুমতির প্রক্রিয়া সহজ করেছে।
নুসুক অ্যাপের উল্লেখযোগ্য ফিচারগুলো হলো—
- ই-ভিসা আবেদন
- প্যাকেজ বুকিং (হজ ও ওমরাহর বিভিন্ন প্যাকেজ)
- হোটেল ও ফ্লাইট বুকিং
- পবিত্র স্থানগুলোর প্রবেশ অনুমতি
- ট্র্যাকিং ও নেভিগেশন
- সম্প্রতি যুক্ত হওয়া অফলাইন সেবা
- যাত্রীদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব
নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান জানিয়েছেন, “এই প্রযুক্তি ভিড় নিয়ন্ত্রণে সহায়ক হবে, যাত্রীদের হারিয়ে যাওয়ার আশঙ্কা কমাবে এবং পুরো অভিজ্ঞতাকে নিরাপদ ও দক্ষ করে তুলবে।”
সৌদি সরকার আরও জানিয়েছে, তারা একটি প্রতিবন্ধকতাহীন প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তুলছে, যাতে বিশ্বের যেকোনো দেশ থেকে আগত হজ ও ওমরাহযাত্রী সর্বোচ্চ সুবিধা পেতে পারেন।
ঢাকা ডেস্ক 









