বাড়িভাড়া বাড়িয়ে বিতর্কের মুখে পড়ার পর অবশেষে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ‘১০ ডাউনিং স্ট্রিট’ এই পদত্যাগ নিশ্চিত করেছে। বিষয়টি প্রথম প্রকাশ করে বিবিসি।
পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করে হঠাৎ করে ৭০০ পাউন্ড বাড়তি ভাড়া ধার্য করেন রুশনারা আলী। স্থানীয় সংবাদমাধ্যম ও অধিকারকর্মীরা অভিযোগ করেন, এটি যুক্তরাজ্যের ভাড়াটিয়া সুরক্ষা আইন লঙ্ঘন করে। বিষয়টি সামনে আসতেই বিরোধী দল ও সামাজিক মহলে সমালোচনার ঝড় ওঠে।
তবে রুশনারা আলীর একজন মুখপাত্র দাবি করেন, তিনি সব সময় আইন মেনেই চলেছেন এবং কোনো অনিয়ম করেননি। এই দাবিই রুশনারা তার পদত্যাগপত্রেও পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেওয়া পদত্যাগপত্রে রুশনারা আলী লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি পদত্যাগ করছি। আমি সব সময় আমার দায়িত্ব সততা ও আইনি কাঠামোর ভেতরে থেকে পালন করেছি। তবে আমি মনে করি, বর্তমান বিতর্ক সরকার ও গৃহহীনদের জন্য চলমান গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।‘
আরও পড়ুন : কানাডায় মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
রুশনারার পদত্যাগের পর প্রধানমন্ত্রী স্টারমার তার কাজের প্রশংসা করে বলেন, ‘গৃহহীনতা রোধে রুশনারার ভূমিকা প্রশংসনীয়, বিশেষ করে ‘ভ্যাগ্রান্সি অ্যাক্ট’ বাতিলের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
তিনি আশা প্রকাশ করেন, রুশনারা পেছন থেকে সরকারের কাজকে সমর্থন দিয়ে যাবেন এবং বেথনাল গ্রিন ও স্টেপনি আসনের জনগণের পাশে থাকবেন।
রুশনারা আলীর রাজনৈতিক জীবনে এটি প্রথম বিতর্ক নয়।
গত বছর গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের চাপে তিনি ‘বিল্ডিং সেফটি’ সংক্রান্ত দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
অভিযোগ ছিল, তিনি এমন কিছু নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের আতিথেয়তা গ্রহণ করেছেন, যারা আগুনের ঘটনায় সমালোচিত হয়েছিল।
এছাড়া, গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট না দেওয়ায় নিজের আসনে তার জনপ্রিয়তায় ধস নামে।
একাধিকবার স্টকিং ও প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে জানা গেছে।
রুশনারা আলীর পদত্যাগের ঘটনা সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের উচ্চপদ ত্যাগের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে টিউলিপ সিদ্দিকও একাধিক কারণে সরকার থেকে পদত্যাগ করেন।
ঢাকা ডেস্ক 









