ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়ের ওপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (৬ আগস্ট ) এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ইসরায়েলি সেনাদের চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় চলতে বাধ্য হলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ওয়াফা’। তবে ঘটনাস্থলের নির্দিষ্ট স্থান এখনও প্রকাশ করা হয়নি।
দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমাংশে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ জন নিহত হন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত ও ২০ জন আহত হন।
এছাড়া গাজা শহরের একটি ত্রাণশিবিরে ড্রোন হামলায় ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই শহরের দুটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন আরও আটজন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আশ্রয়শিবিরে গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন।
আরও পড়ুন : গাজায় ইসয়ায়েলি হামলায় আরও ১৩৮ জনের প্রাণহানি
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।
ঢাকা ডেস্ক 









