নোয়াখালীতে আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হাফেজ মহি উদ্দিন (৩২)।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন’ অনুষ্ঠান গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মহি উদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মমতাজ মিয়ার ছোট ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনিই ছোট ছিলেন।
মহি উদ্দিন স্থানীয় একটি মসজিদে ইমামতির পাশাপাশি একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তাদের সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন : নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে এক পরিবারের ৭ জন নিহত
এ সময় সঙ্গে থাকা জামায়াত কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু সোমবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন বলেন, হাফেজ মহি উদ্দিন একজন ধর্মপ্রাণ ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।
ঢাকা ডেস্ক 









