গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা মারা গেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটমহল এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আল আমিন কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থান ও পলায়ন দিবস উপলক্ষে বিএনপির আনন্দ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে গিয়েই মারা যান আল আমিন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান ও পলায়ন দিবসের মিছিলে এসেছিলেন আল আমিন। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহলে বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : হাসিনার পতনের দিন ঢাকার দুটি ফোন যায় দিল্লিতে, হয়েছিল যে আলাপ
এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এ মৃত্যুর কারণে আজকের সব আনন্দ মিছিলসহ সকল প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।’
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই আল আমিন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
ঢাকা ডেস্ক 









