বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সূত্রে জানা যায়, গত রোববার রাতে তিনি ক্লাবের গেস্ট হাউজে এসে ওঠেন। সেখানেই আজ সোমবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
হারুন উর রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে তিনি ঢাকায় বাস করতেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিলেন তিনি। পরে চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন। ঘণ্টাখানেক পর তিনি রুম থেকে বের হন এবং রাত ১১টার দিকে আবার ফিরে আসেন।
‘কিন্তু পরদিন সকাল ১০ বেজে গেলেও দরজা খোলেননি। পরে স্টাফরা পেছনের জানালা দিয়ে দেখতে পান, তিনি নিথর অবস্থায় বিছানায় পরে আছেন,’ বলেন তিনি।
আরও পড়ুন : হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
এনাম আহমেদ নামে হারুন উর রশিদের এক আত্মীয় জানান, চট্টগ্রামের একটি মামলায় আদালতে হাজিরার কথা ছিল ওনার। সেজন্যই মূলত তিনি ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিলেন তিনি। রাতে হয়তো স্ট্রোক করে মারা গেছেন।
প্রসঙ্গত, এম হারুন উর রশীদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনাপ্রধান ছিলেন। অবসরে যাওয়ার পর ডেসটিনির সঙ্গে যুক্ত হয়েছিলেন। ডেসটিনি বিষয়ক মামলাতে তিনি জেলও খেটেছেন।
ঢাকা ডেস্ক 









