চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী একটি গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের ছেলে ও ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (২০) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আরিফ ও জুয়েল মোটরসাইকেলে করে ভাটিয়ারী থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা ভুল করে ঢাকামুখী লেনে উল্টোপথে প্রবেশ করেন।
হঠাৎ পেছন দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই বন্ধু প্রাণ হারান।
আরও পড়ুন : রিকশাচালককে জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা পেলেন পুরস্কার !
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই দুর্ঘটনায় ছাত্রদলের স্থানীয় নেতা আরিফ ও তার বন্ধু জুয়েল ঘটনাস্থলেই মারা যান।’
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা উল্টোপথে চলাচল করছিলেন। এ সময় একটি তেলবাহী ট্রাক তাদের চাপা দিলে দুজন নিহত হন এবং আরও একজন আহত হয়েছেন।’
রিপোর্টার 









