২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে চলে যান। ওইদিন রাজনৈতিক পটপরিবর্তনের পর মাঠে শেখ পরিবারের কাউকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করলেও তার সঙ্গে ছোট বোন শেখ রেহানার অবস্থানের বিষয়টি পরিষ্কার নয়। শেখ রেহানার ব্রিটিশ পাসপোর্টও রয়েছে।
তাই তিনি বড় বোনের সঙ্গে ভারতে আছেন, নাকি অন্য কোথাও চলে গেছেন—এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে খবরে বলা হয়।
শেখ রেহানার সন্তানরা—রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ ও আজমিনা সিদ্দিক অবস্থান করছেন যুক্তরাজ্যে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মা দেশ ছাড়ার আগে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক হিসেবে কর্মরত। চাকরির কারণে তিনি আগে থেকে ভারতে অবস্থান করছেন।
শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি কোথায় অবস্থান করছেন, সেটি অজানা।
পাঁচ অগাস্টের পর থেকে শেখ সেলিমের পরিবার আত্মগোপনে আছে। শেখ পরিবারের ঘনিষ্ঠ সূত্র দাবি করছে, শেখ সেলিম এখনও দেশেই আছেন। তবে এই তথ্যের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে দোকান মালিককে পিটিয়ে হত্যা : বিএনপির ৫ নেতা বহিষ্কার
শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ক্যাসিনো বিতর্কের সময় আলোচনায় এসেছিলেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে।
তার ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে আছেন ও হেলাল ভারতে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
শেখ সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলে শামস পরশ এবং শেখ ফজলে নূর তাপস। পাঁচ অগাস্টের পর থেকে তাদের খোঁজ নেই। সরকার পতনের দুই দিন আগে সিঙ্গাপুর যান তাপস। শেখ পরশও দেশ ছেড়েছেন বলে জানা যায়।
বরিশালে শেখ পরিবার
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ।
তাঁর ছেলে সাদিক আব্দুল্লাহ ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র। ৫ আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ ও ছোট ছেলে সুকান্ত আব্দুল্লাহ দেশ ছেড়ে ভারতে চলে যান বলে জানা গেছে।
তবে সাদিক আব্দুল্লাহ কোথায় আছেন—এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি কোথায় আছেন, তা জানা যাচ্ছে না।
খুলনায় শেখ পরিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের পাঁচ ছেলে। তাঁদের মধ্যে দুজন শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল গত সংসদেও সদস্য ছিলেন। আবার শেখ হেলালের ছেলে শেখ তন্ময়ও গত দুই সংসদের সদস্য ছিলেন।
জানা গেছে, হেলাল ও তন্ময় বর্তমানে ভারতে অবস্থান করছেন।
হেলালের আরেক ভাই শেখ জুয়েল। ৫ আগস্টের পর জুয়েল দেশে ছিলেন। তবে তাঁদের আরো তিন ভাই শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল এখন কোথায় আছেন, তা কেউ জানে না।
আরও পড়ুন : বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা
শেখ পরিবারের অন্যরা
শেখ হাসিনার ফুফাতো বোন শেখ ফাতেমা বেগমের এক ছেলে নূর-ই আলম চৌধুরী (লিটন চৌধুরী) একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।
আরেক ছেলে মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ফরিদপুর-৪ আসন থেকে টানা তিনবারের স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৫ আগস্টের পর থেকে এই দুই ভাইও আত্মগোপনে আছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ফিরোজা বেগমের স্বামী। ৫ আগস্টের পর তিনি ভারত গেছেন বলে শোনা যাচ্ছে।
গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা যায়, ক্ষমতা হারানোর পর থেকে শেখ পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে অবস্থান করছেন। তাদের ঠিকানা গোপন রাখার চেষ্টা চলছে। সূত্র: বিবিসি
ঢাকা ডেস্ক 









