বিএনপির দলীয় কার্যালয়ের দোকান ভাড়া চাইতে গিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক দোকানমালিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় । নিহত জাহাঙ্গীর ভূঁইয়া ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া এবং সাদ্দাম হোসেন।
বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার দায়ে দলীয় নির্দেশে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন : মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে অর্ধশত কোটি টাকার বেশি সম্পদ দিয়ে যান নারীভক্ত, অতঃপর…
নিহতের পরিবারের দাবি, বিএনপির পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া চাওয়ায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১০-১২ জন মিলে জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেন।
নিহতের ছেলে রাসেল বলেন, সকালে আমার বাবা দলীয় অফিসের ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার, তার ছেলে খোকন, রাসেল, বেণু হাজির ছেলে আলম ও সাদ্দামসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।
বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয়। তদন্ত করে দলের যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা আইনি ব্যবস্থার জন্যও সুপারিশ করব। ভুক্তভোগী পরিবারকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, একটি দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা ডেস্ক 









