রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৯ জুলাই বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলটির আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে যান। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
তারই অংশ হিসেবে আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শারীরিক পরীক্ষা করান জামায়াত আমির। এ সময় চিকিৎসকের বোর্ড তার হার্টে বাইপাস সার্জারির পরামর্শ দেন।
মেডিকেল চিকিৎসকের বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা দেশের বাইরে এ অপারেশনের পরামর্শ দেন। কিন্তু তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখতে চান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশেই হার্টের বাইপাস সার্জারি করাবেন তিনি।
ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে বলেন, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার সিঙ্গাপুরে অপারেশন করার কথা বললেও তিনি সেটি ‘জোরালোভাবে’ না করে দেন। তিনি দেশের চিকিৎসায় আস্থা রাখতে চান।
আরও পড়ুন : সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল
‘রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হবে। আগামীকাল অপারেশনের দিনক্ষণ নির্ধারণ হবে,’ বলেন তিনি।
বিষয়টি জানতে চাইলে ডা. শফিকুর রহমানের পিএস নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশবাসীকে বিস্তারিত জানাবেন বলেনও জানান নজরুল ইসলাম।
প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গরমে অতিষ্ঠ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। পরে নেতাকর্মীরা তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেও দ্বিতীয়বারও পড়ে যান তিনি।
গত ১৯ জুলাই বিকেলে সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন জামায়াত আমির। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বক্তব্যের একপর্যায়ে হঠাৎ করে তার শরীর দুর্বল হয়ে পড়ে এবং তিনি মঞ্চে পড়ে যান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঢাকা ডেস্ক 









