দুবাই বিমানবন্দর দিয়ে চারটি ব্যাগে করে কয়েক কোটি টাকার হীরা নিয়ে অন্য দেশে যাচ্ছিলেন সেখানকার এক ব্যবসায়ী।
তবে সেখানে পৌঁছে দেখেন তিনটি ব্যাগ ঠিক থাকলেও একটি ব্যাগ ঠিক নেই। একটি ব্যাগ বদলে গেছে এক বাংলাদেশির সঙ্গে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুবাই পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
বিষয়টি টের পাওয়ার পর ওই ব্যবসায়ী দ্রুত দুবাই ফিরে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। ততক্ষণে ওই বাংলাদেশি তার নিজের ব্যাগ মনে করে হীরাভর্তি ব্যাগটি নিয়ে বাংলাদেশে চলে এসেছেন।
তবে দুবাই পুলিশের তৎপরতা ও বাংলাদেশের সহায়তায় ওই ব্যবসায়ীকে হীরাসহ তার ব্যাগ ফেরত পাঠানো হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের ওই ব্যবসায়ী দেখতে পান তিনি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটির ভেতর সাধারণ কাপড় রয়েছে।
তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এরপর বিষয়টি জানানো হয় ঢাকাস্থ আমিরাতের দূতাবাস এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে।
এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ব্যাগটি তার মালিককে ফেরত দেওয়া হয়।
নিজের প্রায় তিন কোটি টাকা মূল্যের হীরা উদ্ধার করে দেওয়ায় দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যবসায়ী।
বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতাকেও দুবাই পুলিশ সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে, এ ধরনের আন্তঃদেশীয় সহযোগিতা অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক, প্রবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা ও আনন্দ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে — যা দুবাই পুলিশের কৌশলগত লক্ষ্যের অংশ।
ঢাকা ডেস্ক 









