রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার একটি দোকানে চুরির ঘটনায় মামলা হওয়ার দুই ঘন্টার মধ্যে চোর গ্রেফতার ও চোরাই মাল উদ্ধার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- শাহীন (২৭)। গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন এবং নগদ ১৮,২৮৫ টাকা উদ্ধার করা হয়।
সোমবার ডিএমপির হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু এসব তথ্য জানান।
তিনি বলেন, রোববার বিকেল আনুমানিক সাড়ে ৬ টার দিকে থানা এলাকায় অভিযান পরিচালনা করে শাহীনকে গ্রেফতার করে থানার একটি চৌকস টিম।
ওসি জানান, ‘গত ২৭ জুলাই বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট এর মধ্যে হাতিরঝিল থানাধীন মগবাজারের ৬২৪ নম্বর বাসার নিচতলায় দোকান বন্ধ করে বাথরুমে যান দোকান মালিক এস এম আরিফ উল্লাহ।’
‘এ সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ ৭০,০০০ টাকা, একটি রেডমি মডেলের মোবাইল ফোন (মূল্য ১৮,০০০ টাকা) এবং একটি নকিয়া বাটন ফোন (মূল্য ৩,০০০ টাকা) চুরি করে নিয়ে যায়।’
‘এ ঘটনায় দোকান মালিক এস এম আরিফ উল্লাহর অভিযোগের প্রেক্ষিতে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়।’
আরও পড়ুন : গ্রীষ্মের সবচেয়ে সুন্দরতম রাত আজ, সাথে থাকছে উল্কাবৃষ্টি
‘মামলা রুজুর পর পরিস্থিতি বিবেচনায় হাতিরঝিল থানা পুলিশ তৎক্ষণাৎ অভিযান শুরু করে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোন এবং নগদ ১৮ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
ঢাকা ডেস্ক 









