মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে।
রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
থানার একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তাসকিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
আরও পড়ুন : রাজধানীতে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
জিডিতে অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, সৌরভকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাকে হুমকিও দেন এই জাতীয় দলের পেসার।
সূত্রমতে, ভুক্তভোগী সৌরভের সঙ্গে তাসকিনের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি বলে জানা গেছে।
ঢাকা ডেস্ক 









