ভারতের বিহার রাজ্যে ঘটেছে এক মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা—অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা এক তরুণীকে সেই যানবাহনের মধ্যেই ধর্ষণের শিকার হতে হয়েছে। ঘটনাটি ইতিমধ্যেই দেশজুড়ে ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিহারের গয়ায় নিরাপত্তা বাহিনী হোম গার্ডে যোগদানের জন্য শারীরিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে ২৬ বছর বয়সী এক তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ও অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়।
আরও পড়ুন : পাকিস্তানে আরেক টিকটকারের রহস্যজনক মৃত্যু
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন—অ্যাম্বুলেন্সের ভেতরে তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি অচেতন থাকার সুযোগে একাধিক ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এই অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে গয়া জেলার বোধ গয়া থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা হলেন অ্যাম্বুলেন্সচালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমার।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সিসিটিভি ফুটেজ যাচাই করে অ্যাম্বুলেন্সের চলাচলের রুট শনাক্ত করা হয়েছে। এতে তদন্তে গতি এসেছে এবং আরও সম্ভাব্য সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
তরুণীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই ঘটনায় ভারতের নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। যেখানে একজন অজ্ঞান অসুস্থ নারী অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে এমন ভয়াবহ নির্যাতন নারী অধিকার এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
ঢাকা ডেস্ক 









