ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. মিল্লাত হোসেন (২১)। একই ঘটনায় আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরেকজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার গুথুমা বিওপি এলাকার ২১৬৪/৩এস আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মিল্লাত হোসেন ফেনী পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের পুত্র।
আরও পড়ুন : বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে মিল্লাত ও আফছার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাঁটার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।
এ বিষয়ে ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, বাসপদুয়া সীমান্ত এলাকাটি চোরাচালান-প্রবণ হিসেবে পরিচিত। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, ‘ঘটনার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রতিবাদ জানাবো। সীমান্তে এমন সহিংসতা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য।’
স্থানীয়রা বলছেন, এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্তে আরও কড়া নজরদারি ও দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।
ঢাকা ডেস্ক 









