রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যখন দেশে শোক আর ক্ষোভের আবহ, ঠিক সেই সময় আলোচনায় উঠে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা মোছা. শারমিন জাহান। তিনি ফেসবুকে নিহতের সংখ্যা ২৩১ জন উল্লেখ করে একটি পোস্টারসহ কবিতা প্রকাশ করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত এই দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। এর মধ্যেই শারমিন জাহান “মাইলস্টোন ফর এভার” নামক তথাকথিত সূত্র উল্লেখ করে পোস্টে নিহতের সংখ্যা ২৩১ বলে দাবি করেন।
আরও পড়ুন : উপদেষ্টা ও প্রেস সচিবকে ফের অবরুদ্ধ করল শিক্ষার্থীরা
এ ঘটনায় নিন্দা জানিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে যাচাই-বাছাই ছাড়াই এমন সংবেদনশীল বিষয়ের তথ্য ছড়িয়ে দিতে পারেন। ফেসবুক ব্যবহারকারীরা তার পোস্টে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে শারমিন নিজেই মন্তব্যে বলেন, “কোনো কিছুকে ভুয়া বলার আগে প্রমাণ দিতে হয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করার কোনো এখতিয়ার নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, শারমিন জাহান অতীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রশাসনিক বদলির মুখে পড়েন। এ ঘটনা আবারও সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ঢাকা ডেস্ক 









