দুই দিনের সরকারি সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি হবে অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপীয় কোনো দেশের শীর্ষ পর্যায়ের নেতার প্রথম বাংলাদেশ সফর। সফরকালে অভিবাসন, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মেলোনি ৩০ আগস্ট ঢাকায় পৌঁছাবেন এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। সফরকে সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত এমনই এক প্রস্তুতি বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
আরও পড়ুন : গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ উত্তোলনের নির্দেশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “এই সফরে অভিবাসন বিষয়ে অগ্রগতি প্রত্যাশিত। ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধকরণ, নিয়মিত অভিবাসনের প্রক্রিয়া এবং অভিবাসন সংক্রান্ত সহযোগিতা চুক্তিগুলোর বাস্তবায়ন—এসবই আলোচনার কেন্দ্রে থাকবে।”
এর আগে, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফর করেন। সে সময় দুই দেশের মধ্যে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। এই সফরের ধারাবাহিকতায় জর্জিয়া মেলোনির আগমনকে ইতালি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী ঢাকা সফরের বিষয়ে ইতালির পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে ইতোমধ্যেই। পাশাপাশি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর একটি সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে রোম সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ২৭ বছর পর এবার দ্বিতীয়বারের মতো ইতালির কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।
ঢাকা ডেস্ক 









