রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন।
লিমা খান বলেন, চারজন আহতকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আরও পড়ুন : উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১, বহু হতাহতের আশঙ্কা
ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ও ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়।
ঢাকা ডেস্ক 









