ফের মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করে আটক হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল।
শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ।
জানা যায়, মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবারচালককে মারধর করেন তিনি।
উবারচালক গণমাধ্যমকে জানান, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল। সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল।
গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন।
ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল তাদের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায়চালিত গাড়ি ও চালককে।
আরও পড়ুন : কনসার্টের স্ক্রিনে হঠাৎ ধরা পড়ল বস ও নারী সহকর্মীর পরকীয়া! অতঃপর .
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২০ মে ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেফতার হন গায়ক নোবেল। পরে কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করেন তিনি। গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল।
ঢাকা ডেস্ক 









