প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযুদ্ধভিত্তিক শিল্পকর্মের স্রষ্টা হামিদুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
তার স্ত্রী, চিত্রশিল্পী আইভি জামান গণমাধ্যমকে জানান, সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত ১৫ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই আইসিইউতে রাখা হয় তাকে।
আরও পড়ুন : না ফেরার দেশে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী
১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহস্রাম গ্রামে জন্মগ্রহণ করা হামিদুজ্জামান খান বাংলাদেশের ভাস্কর্যচর্চার এক উজ্জ্বল নাম। স্বাধীনতার চেতনাকে ধারণ করে তিনি গড়ে তুলেছেন অসংখ্য ভাস্কর্য, যার মধ্যে উল্লেখযোগ্য—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’, ঢাকা সেনানিবাসের ‘বিজয় কেতন’, মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবনের ‘ইউনিটি’, আগারগাঁওয়ের পিএসসির ‘মৃত্যুঞ্জয়ী’ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা চিরন্তন’।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তার নির্মিত ‘জাগ্রতবাংলা’ ভাস্কর্যটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। শিল্পচর্চার দীর্ঘ পথ পেরিয়ে তিনি দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেন এবং সবমিলিয়ে প্রায় ২০০টি ভাস্কর্য নির্মাণ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশের শিল্পাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। শিল্পানুরাগী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাচ্ছেন।
ঢাকা ডেস্ক 









