রাজধানীর চকবাজারে ঘুমের ওষুধ না পেয়ে এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার অভিযোগে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চকবাজার থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকেল সোয়া ৩টার দিকে চকবাজারের ১২৪, নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত ‘আব্দুল্লাহ ফার্মেসি’-তে এ হামলার ঘটনা ঘটে। দোকানের মালিক মো. নাহিদুল ইসলাম (৩৭)কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব: যুবক খুন
ভুক্তভোগী নাহিদুল ইসলামের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন দুপুরে একজন অজ্ঞাত ব্যক্তি অতিরিক্ত ঘুমের ওষুধ কিনতে দোকানে আসে। প্রেসক্রিপশন দেখতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। বিকেলে সে পুনরায় এসে হঠাৎ ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তি সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে। পরে বংশালের সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে আপন ভূঞাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ী একটি বাসার বাথরুমের ফলস সিলিং থেকে হামলায় ব্যবহৃত ছুরি, অভিযুক্তের পরিহিত জামা-কাপড় ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









