স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রয়োজন হলে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।
তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে বাকি নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন : জামায়াতের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।
গত বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দফায় দফায় হামলার অভিযোগ আসে এনসিপির সমাবেশস্থল ও গাড়ি বহরে।
দিনভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন।
ঢাকা ডেস্ক 









