রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকালে বক্তব্য প্রদানকালে গরমে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। পরে বক্তব্য শেষের পর দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে, সমাবেশে অংশগ্রহণের আগে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ডা. শফিক। নেতাকর্মীদের স্লোগানে সাড়া দিয়ে হাস্যোজ্জ্বলভাবে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি। বিকেল সোয়া ৫টার দিকে বক্তব্য শুরু করার কিছুক্ষণ পর হঠাৎ মাথা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে আশপাশের নেতারা তাঁকে দাঁড় করিয়ে পুনরায় বক্তব্যের সুযোগ দেন।
আরও পড়ুন : সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির
তবে দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়লে তাকে মঞ্চেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই তিনি মাইক হাতে সমাপনী বক্তব্য শেষ করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানায়, ডা. শফিকুর রহমানের রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।
উল্লেখ্য, সাত দফা দাবিতে আয়োজিত এই জাতীয় সমাবেশে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়। সাইফুল্লাহ মানসুর উপস্থাপনায় এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দুপুর ২টার পর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্ব শুরু হলে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
ঢাকা ডেস্ক 









