গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
রমজান মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন : শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হলো গোপালগঞ্জের কারফিউ
এর আগে বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষ্ক্রিয় হওয়া আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরও এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সেদিনের সহিংসতায় ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন— কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের রমজান কাজী (১৯), শানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের দীপ্ত সাহা (৩০) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।
সংঘর্ষে আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন—সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০)। তাদের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে। গোপালগঞ্জ জেলায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউও বলবৎ আছে।
ঢাকা ডেস্ক 









