গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার সদস্য। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানানো হয়নি।
আরও পড়ুন : বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারীর মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকায় বলে জানা গেছে।
ওসি আব্দুল মান্নান আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের গ্রামে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচল এবং সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবেই ঘটছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।
ঢাকা ডেস্ক 









